জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিনে ২১টি আবাসিক হলের হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।
গতকাল রবিবার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম।
তিনি জানান, জাকসু নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা এবং খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে ১০ আগস্ট, চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ হবে ১৭ আগস্ট।
এ ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ওই দুই দিনের একই সময় মনোনয়নপত্র জমাদান (প্রার্থীকর্তৃক) করা যাবে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২৫ আগস্ট, মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ২৬ আগস্ট এবং আপিলের শুনানি ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত, আপিলের রায় ঘোষণা ২৭ আগস্ট বিকেল ৪টা, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকেল ৪টায়।
এ ছাড়া নির্বাচনী প্রচারণা করা যাবে ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরু হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর ভোটগণনা শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে এবং প্রতি দুই ঘণ্টা পরপর ফলাফলের আপডেট প্রকাশ করা হবে।
তফসিল ঘোষণা শেষে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ক্যাম্পাসে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সহায়তা করবেন। এ ছাড়া আবাসিক হল থেকে যেসব মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী রয়েছেন তাদের হল ত্যাগ করতে হবে।