‘ধাক্কামারা’ চক্রের দুই নারী গ্রেপ্তার

রাজধানীতে দুর্ধর্ষ ‘ধাক্কামারা’ চোরচক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন যূথী আক্তার শ্রাবন্তী ওরফে যূথী আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)। গতকাল রবিবার ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

উপপুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, গত শুক্রবার বিকেল ৫টায় তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা বসুন্ধরা সিটি শপিং মলের সপ্তমতলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪০ হাজার টাকা চুরি করে। এ সময় সন্দেহ হলে তিনি তার ব্যাগ পরীক্ষা করে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর তিনি ও তার স্বামী চিৎকার করলে শপিং মলের নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন। নিরাপত্তা প্রহরীদের সহায়তায় দুই নারী আসামিকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুজন কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত আরও দুজন নারী ভুক্তভোগী জানিয়েছেন, তাদের কাছ থেকেও ১ লাখ টাকা ও ৪.৫ গ্রাম ওজনের একটি সোনার টিকলি এবং ১০ হাজার টাকা চুরি হয়েছে। তারেবুর রহমান বলেন, যূথী আক্তারের ব্যাগ থেকে চুরির ১ লাখ ৫০ হাজার টাকা এবং সোনার টিকলি উদ্ধার করা হয়েছে। যূথী আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেত্রী। তার নেতৃত্বে ঢাকাসহ সারা দেশে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন শপিং মল, রাস্তা ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটিয়ে আসছে।