এবার পুলিশের ৯ ইন্সপেক্টরকে বাধ্যতামূলক অবসর

বিগত সরকারের সময় দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল রবিবার তাদের অবসরে পাঠানোর বিষয়ে পৃথক ৯টি প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা পাবেন।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন নৌপুলিশে কর্মরত যমুনা সেতু-পূর্ব নৌফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন, সিআইডি মৌলভীবাজারের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, ট্যুরিস্ট পুলিশের মুন্সীগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এসএম কামরুজ্জামান, সিআইডি নরসিংদীর পুলিশ পরিদর্শক আবদুল কুদ্দুস ফকির, বগুড়ার এপিবিএন-৪-এর পুলিশ পরিদর্শক শিকদার শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক আবদুল লতিফ এবং কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. সেলিমুজ্জামান।