চ্যাম্পিয়নস লিগের শুরুতেই এক ম্যাচ নিষিদ্ধ বার্সেলোনা কোচ

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরুর আগেই শাস্তি পেলেন বার্সেলোনা প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এবং সহকারী কোচ মারকুস সোর্গকে। দুজনকেই এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। এছাড়া জরিমানা গুনতে হবে দলের দুই তারকা লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কিকে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে চ্যাম্পিয়নস লিগ মাঠে গড়াবে।

এক বিবৃতিতে উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) জানিয়েছে, গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আচরণবিধি লঙ্ঘন করায় হ্যান্সি ফ্লিক এবং সহকারী কোচ মারকুস সোর্গকে এই সাজা দেওয়া হয়েছে। ৪-৩ গোলে হারা ওই ম্যাচে রেফারি শিমন মার্সিনিয়াকের কয়েকটি সিদ্ধান্তে তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন।

অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার পর ডোপিং কন্ট্রোল পোস্টে না যাওয়ায় ইয়ামাল ও রাফিনহাকে দিতে হবে ৫ হাজার ইউরো করে জরিমানা। সান সিরোর সেই সেমিফাইনাল হেরে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সার ইউরোপীয় শিরোপা হাতছাড়া হয়। আগামী ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা।