সুয়ারেজদের পারফরমেন্সে ভীষণ কষ্ট পেয়েছেন মাশচেরানো

লিওনেল মেসিকে ছাড়া অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়া মায়ামি যেন জাল খুঁজে পাচ্ছিল না। বল নিয়ন্ত্রণে রাখতেও তারা হিমশিম খেয়েছে। দলের এমন পারফর্মেন্স দেখে ভীষণ হতাশ মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। সংবাদ সম্মেলনেও নিজের হতাশা গোপন করেননি।

ম্যাচ শেষে মাশচেরানো বলেন, ‘আজ কোনো অজুহাত নেই। ফুটবল হলো কৌশল, প্রতিভা এবং দলবদ্ধ পারফর্মেন্সের মিশ্রন। কিন্তু আজ ওরা আমাদের চেয়ে ভালো ছিল। কেউ আমাদের হারাতে পারবে না- এই ক্ষুধা ও ইচ্ছাশক্তি আজ আমাদের ছিল না। দুর্ভাগ্যজনকভাবে, এটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। ফুটবলে আপনি হারতে পারেন, কিন্তু আজ দলের মাঝে জয়ের কোনো তাড়নাই ছিল না।’

শিষ্যদের সমালোচনায় মাশচেরানো আরও বলেন, ‘ফুটবল খেলাটা সহজ, কিন্তু মাঝে মাঝে আমরা এটাকে জটিল করে তুলি। আপনি যখন শতভাগ উজার করে দিতে পারবেন না, তখন যেকোনো দল আপনাকে হারিয়ে দিতে পারবে। আজ মাঠে একটাই দল ছিল- অরল্যান্ডো। আমরা এই ম্যাচে আমরা জয়ের তাড়না নিয়ে খেলিনি। অন্যদিকে তারা আমাদের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত একচুল ছাড় দেয়নি।’

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে অরল্যান্ডো সিটিকে এগিয়ে দেন মুরিয়েল। তিন মিনিট পরই ইয়ানিক ব্রাইট মায়ামিকে সমতায় ফেরান। মাশচেরানোবলেন, ‘আমরা গোল শোধ করে কিছুটা লড়াইয়ে ফিরলেও… (আর পারিনি)। যদি সত্যিই প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে চাই, এভাবে হবে না। আমি দুঃখিত, কিন্তু এভাবে হবে না। আমি কোচ হিসেবে দায় নিচ্ছি। আর বেশি কিছু বলার নেই। আজ মাঠে একটাই দল ছিল।’