ইয়ামালের জোড়া গোল উপভোগ করলেন নিকি নিকোল

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা প্রাক-মৌসুমের শেষ ম্যাচে ইতালিয়ান ক্লাব কোমোকে উড়িয়ে দিল ৫-০ গোলে, আর গ্যালারিতে বসে লামিন ইয়ামালের জোড়া গোল উপভোগ করলেন আর্জেন্টাইন তারকা নিকি নিকোল। রবিবার এস্তাদি ইয়োহান ক্রুইফে অনুষ্ঠিত হোয়ান গ্যাম্পার ট্রফির এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে হান্সি ফ্লিকের শিষ্যরা।

২১ মিনিটে ফেরমিন লোপেজ গোল করে বার্সাকে এগিয়ে নেন, বিরতির আগেই করেন নিজের দ্বিতীয় গোল। রাফিনহা তৃতীয় গোল করার পর ইয়ামালের শটে ৪-০ তে পৌঁছে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইয়ামাল দ্বিতীয় গোল করে বড় জয় নিশ্চিত করেন।

দুই গোল করে ফেরমিন লোপেজ ও ইয়ামাল ছিলেন ম্যাচের সেরা পারফরমারদের মধ্যে। রাফিনহা গোল ও অ্যাসিস্ট দিয়ে অবদান রাখেন, আর নতুন যোগ দেওয়া মার্কাস রাশফোর্ড বদলি হয়ে নেমে রাফিনহার গোলে অ্যাসিস্ট করেন।

 গ্যালারিতে এই দাপুটে জয় উপভোগ করেন নিকি নিকোল, যিনি স্টেডিয়ামে প্রবেশের সময় পরেছিলেন ইয়ামালের নাম লেখা বার্সেলোনা জার্সি। শুধু তিনি নন, তার তিন সঙ্গীও ছিলেন ইয়ামালের জার্সিতে। ২৪ বছর বয়সী এই গায়িকা ইনস্টাগ্রামে ২ কোটি ১০ লাখের বেশি অনুসারী নিয়ে তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয়। ইয়ামালের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন থাকলেও নিশ্চিত তথ্য হলো—তারা ভালো বন্ধু, যা প্রমাণিত হয়েছে গত ১২ জুলাই গারাফ অঞ্চলে ইয়ামালের ১৮তম জন্মদিনের পার্টিতেও তার উপস্থিতিতে।

 ম্যাচের আগে অধিনায়ক মার্ক-আন্দ্রে তের স্টেগেন ঐতিহ্যবাহী ভাষণে ভক্তদের উদ্দেশে বলেন, “ক্লাব ও আমার মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়া জরুরি ছিল। এখন সময় সামনে তাকানোর। আমরা সব শিরোপার জন্য লড়ব এবং আপনাদের সমর্থনে সবকটি জিততে চাই।”

এই জয়ের মধ্য দিয়ে প্রাক-মৌসুম শেষ করে বার্সেলোনা এখন লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে নামবে আগামী শনিবার মায়োর্কার মাঠে।