খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক সোমবার (১১ আগস্ট) এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন আদালতে সোলায়মান সেলিমকে হাজির করে ৭ দিনের রিমান্ড চান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে আসামির ঘটনাস্থলে থাকার প্রমাণ মিলেছে। তবে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, পূর্বের রিমান্ডে কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের ছাত্র খালেদ সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।