ভারতের দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে।
আটকের পর রাহুল গান্ধী বলেন, আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এ লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মাজি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপালসহ অনেক বিরোধী এমপি প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন।
প্রতিবাদস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী রাস্তায় বসে আছেন। হাতে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।তবে বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, সরকার নির্বাচনী কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।