বিচার ও জামিনের জন্য আলাদা আদালত গঠন দরকার: মাওলানা আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা আতাউর রহমান বলেছেন, বিচার ও জামিনের জন্য আলাদা আদালত গঠনের প্রয়োজন। তিনি সোমবার (১১ আগসস্ট) সকালে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন।

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা এবং সার্বিক আইনশৃংখলা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংএ তিনি আরো বলেন, খুনি, ধর্ষনকারী, দূর্নীতিবাজ, চাঁদাবাজদের আদালত জামিন দিয়ে দিচ্ছে। আদালত থেকে জামিন নিয়ে ফের তারা অপরাধে জড়িয়ে যাচ্ছে।

ম্যাজিস্ট্রিসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকার পরও অপরাধ থামছে না। সকলে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, একজন সাংবাদিককে হত্যা করে সকল সাংবাদিকদের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা যারা কথা বলি তারাও নিরাপদ নই।

কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হওয়া শ্রমিকরা নানা অপরাধে জড়াচ্ছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এ কথার প্রতিবাদ জানিয়ে বলেন, কাজ না থাকলেও শ্রমিকরা ছিনতাই করে না। তারা পরিশ্রম করে অর্থ উপার্জন করে। পুলিশ তাদের দায় এড়ানোর জন্য শ্রমিকদের দোষারোপ করছেন।

মাওলানা আতাউর রহমান আরও বলেন, গাজীপুরে কারা এই সন্ত্রাসীদের লালন-পালন করছে, যারা হত্যা, চাঁদাবাজি, ছিনতাই চালিয়ে যাচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন। আগামী জাতীয় নির্বাচনে সমান প্রতিযোগিতার ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) বজায় থাকবে কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগর কমিটির সভাপতি ফাইজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি- অধ্যাপক মাও. হাবিবুর রহমান মিয়াজী, এম এ হানিফ সরকার, অধ্যক্ষ মাও. শহিদুল ইসলাম, সেক্রেটারি- মুফতি হুসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান প্রমুখ।