সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১২০ বারের মতো পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২০ বারের মতো পিছিয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত ছিল, কিন্তু তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন। এ কারণে আদালত নতুন তারিখ দেন।

এই মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম (অরুন), আবু সাঈদ, পলাশ রুদ্র পাল, এনায়েত আহমেদ ও তানভীর রহমান খান। এর মধ্যে তানভীর ও পলাশ জামিনে আছে, বাকিরা কারাগারে রয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। পরে রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন।