'মুরাসের কিছু ধাঁচ বিপদজনক, এগুলোই বন্ধ করতেই হবে' আবাহনীকে

আগামীকাল এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের ম্যাচে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তান কাপ বিজয়ী এফসি মুরাস ইউনাইটেডকে আতিথ্য জানাবে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। গত মৌসুমে লিগ শিরোপা না জিতলেও মোহামেডানের এএফসি ক্লাব নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতার সুযোগে এশিয়ার ক্লাব পর্যায়ের তৃতীয় সর্বোচ্চ মর্যাদার এই লিগে খেলার সুযোগ মিলে ধানমণ্ডির ক্লাবটির। প্লেঅফ খেলতে নামার আগে আজ সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী শোনালো আবাহনী কোচ মারুফুল হক ও অধিনায়ক আসাদুজ্জামান বাবুকে। 

আবহনী কোচ মারুফুল হক বলেন, ‘মুরাসের কথা বললে তাদের যেরকম ফ্যাসিলিটিজ আছে তা ইউরোপীয় বড় বড় ক্লাবগুলোর মতোই প্রায়। আমাদের সঙ্গে হয়তো নতুন খেলছে কিন্তু তারা তাদের দেশকে প্রতিনিধিত্ব করবে। তাদের শক্তিমত্তার জায়গাগুলো আমাদের জানা আছে। তাদের খেলায় ইউরোপিয়ান কিছু ধাঁচ রয়েছে, বিশেষ করে তাদের চেঞ্জিংগুলো, সুইচিং অফ প্লেয়ারগুলো। তাদের এ জিনিসগুলো আমাদের জন্য বিপদজনক এবং আমাদের এগুলোই বন্ধ করতে হবে।’

এই ম্যাচের আগে ২৬ দিন প্রস্ততির সুযোগ পেয়েছে আবাহনী। দলে যোগ দিয়েছেন মোহামেডানের সাবেক অধিনায়ক সুলেমান দিয়াবাতে। দেশিদের মধ্যে আছেন ফরোয়ার্ড আল আমিন ও শেখ মোরসালিন, মাঝমাঠে কাজেম শাহ। সব মিলিয়ে দল ও নিজেদের অনুশীলন নিয়ে সন্তুষ্টির কথা জানান অধিনায়ক বাবু। বলেন, ‘আমরা দীর্ঘ ২৬দিন সুন্দর প্রস্তুতি নিয়েছি। আমরা মুরাস ইউনাইটেডকে বিপক্ষে এই ম্যাচ যথেষ্ট পরিমাণ আশাবাদী, ভালো কিছু হবে ইনশাল্লাহ।’