আগামী নির্বাচনে তারেক রহমনের নেতৃত্বে ধানের শীষের নিরঙ্কুশ জয় আসবে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার বিকেলে ময়মনসিংহের ফুলপুরের সিংহেশ্বর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বক্তব্য রাখেন রোকন উদ্দিন, সিরসজুল ইসলাম, কুদরত আলী, হেলাল উদ্দিন হেলু, আমিনুল ইসলাম, তাজিমুল হক রুবেল, এনামুল হক বাবুল, মিজানুর রহমান সেলিম প্রমুখ।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো। এই আলোয় বাংলাদেশকে আলোকিত করতে হবে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন শুধু তার একর নয়, সমগ্র দেশবাসীর। এই স্বপ্ন বাস্তবায়নের চালেঞ্জ নেতাকর্মীদের নিতে হবে, নিজেদের প্রস্তুত করতে হবে। জনগণ যা পছন্দ করে না, কষ্ট পায়- তা পরিহার করতে হবে। আওয়ামী লীগ নষ্ট রাজনীতির চর্চ্চা করেছে। বিএনপি জনকল্যাণে রাজনীতি করে। আগামী বিএনপি সরকারের জন্য তারেক রহমানের জনকল্যাণে কর্মসূচির কথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব ঘরে ঘরে তা পৌঁছিয়ে দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে মোতাহার হোসেন তালুকদার বলেন, নির্বাচনের ঢোল বেজে উঠেছে। সকলকে সাংগাঠনিক পুনর্গঠনের কার্যক্রমের পাশাপাশি ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।