চাঁদপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, নিহত ১

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশের টাকা লেনদেনের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ওমান ফেরত ভাতিজা বাবু নিহত হয়েছেন।

একই ঘটনায় বাবা রওশন গাজী ও ভাই এমরান হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সোমবার (১১ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকার গাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ঘাতক চাচা হাসান গাজীকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনার পর পরই হামলাকারী হাসান গাজীর দুই ছেলে শাকিল ও রাকিব গা-ডাকা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাস যাওয়া নিয়ে ভাতিজা বাবুর সঙ্গে হাসানের বিরোধ বাধে। এই ঘটনায় সোমবার দুপুরে হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে বাবু, তার ভাই ও বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে বাবু মারা যায়। 

এদিকে গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজন পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।