জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে এক অনুষ্ঠানে বিরূপ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ফজলুর রহমানের মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে ‘গণহত্যাকারী’ আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া ফজলুর রহমানকে ‘পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া’ বলেও মন্তব্য করেন সারজিস।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৫টা ৪৪ মিনিটে ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।
সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেছেন, ‘বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে ‘বেজন্মা’ গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর।
ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে অভিযোগ করে তিনি লিখেন, ‘যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে, সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে।’
সারজিস বলেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই। কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্সে ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে-বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে না পারা, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে।
পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এ নেতা।
তিনি বলেন, ‘এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন।’