টার্গেটে খেলতে নেমে মাত্র ৫ বলে ম্যাচ জিতেছে কানাডা! পাঠক ঠিকই পড়ছেন। টাই হলে খেলা হয় সুপার ওভারে, সেখানে ৫ বলে খেলা শেষ হয়ে যেতে পারে। তবে সুপার ওভারে নয় মাত্র ৫ বলে ম্যাচ শেষ হলো ৫০ ওভারের ম্যাচে।
এমন ঘটনা, ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ- ২০২৬ এর আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে। আর্জেন্টিনার যুবাদের বিপক্ষে এমন কীর্তি দেখিয়েছে কানাডার যুবারা। জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাটিং করে ২৩ রানে অলআউট হয় আর্জেন্টিনা। আর্জেন্টিনার ৭ ব্যাটারই ডাক মারেন। কানাডার লেগ স্পিনার জগমোহন পাল ৭ রানে নেন ৬ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ বলেই জয় নিশ্চিত করেন দুই ওপেনার যুবরাজ সামরা ও ধরম প্যাটেল। ৪ বলে দুটি করে চার ও ছক্কায় ম্যাচ শেষ করেন ২০ রান করা কানাডার ওপেনার যুবরাজ সামরা। তার সঙ্গী ধরম অপরাজিত ১ রানে।
বাকি ৩ রান আসে ওয়াইড থেকে। অবশ্য কানাডা-আর্জেন্টিনার ম্যাচটা যুব ওয়ানডে মর্যাদা পায়নি। তাই এমন কীর্তিতেও ইতিহাসের পাতয় ঠাঁই পাওয়া হলো না কানাডার।