শিবচর

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

মাদারীপুরের শিবচরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২ এর কাছে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের লোকজন এ হামলা চালায় বলে জানান আহতরা।

আহতদের বেশিরভাগই উপজেলার পাঁচ্চর, মাদবরেচর ও কাঠালবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের (বর্তমানে পৌরসভা) চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে কথা কাটাকটি হলে এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এসময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে কয়েকজনকে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত একাধিক ভুক্তভোগী বলেন, ৩১ দফার লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচর আসতে থাকি। এসময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদের (বর্তমানে পৌরসভা) চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক লোকজন আহত হয়েছে। মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। পরিস্থিতি ভয়ানক ছিল।

এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া যায়নি।

শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি, আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি। ওই এলাকায় আমাদের টিম রয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।’