বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের ওপারে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গত রবিবার রাত সাড়ে ১১টার পর থেকে দীর্ঘদিন পর আবারও ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা লাগোয়া গ্রামগুলোর বাসিন্দারা গোলাগুলির শব্দ শুনেছেন।
মিয়ানমারের ওপারের তুমব্রুর নারিকেল বাগিচা এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দুটি ক্যাম্প রয়েছে। স্থানীয়দের ধারণা সেখানে হঠাৎ করে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা আবসার বলেন, ‘অনেক দিন পর গুলির আওয়াজ পাওয়া গেছে। অনেকক্ষণ ধরে অনবরত গুলির শব্দ শুনতে পেয়েছি, সেখানে কী হচ্ছে তা আমরা জানি না। কিন্তু কিছু একটা গ-গোল হচ্ছে তা বোঝা যাচ্ছে।’
এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক রয়েছে এবং সীমান্তে টহল জোরদার করেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তুমব্রুর সীমান্তে গোলাগুলি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।