চলতি আগস্ট থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। গতকাল সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কার কথা জানিয়েছেন।
পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ‘বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগস্ট-সেপ্টেম্বর মাসে। ২০২০ সালের পরে দেশব্যাপী বড় কোনো বন্যা হয়নি। ২০২২ সালে সিলেট বিভাগে ও ২০২৪ সালে চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল তা ছিল ফ্লাশ-ফ্লাড বা পাহাড়ি ঢল।’
মোস্তফা কামাল পলাশের ভাষ্য, ২০২০ সালের পরে ২০২৫ সালে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০টি জেলা প্লাবিত হতে পারে। সম্ভাব্য বন্যাটি আগস্ট মাসের ১৫ তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে হতে পারে। তিনি লিখেছেন, ‘আমি মনে-প্রাণে চাইব আমার পূর্বাভাসটি ভুল প্রমাণিত হোক ও বাংলাদেশের মানুষ বড় মানের বন্যার সম্মুখীন না হোক।’
পোস্টের শেষদিকে ‘বিশেষ দ্রষ্টব্যের’ অংশে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা সাপেক্ষে তথ্য প্রমাণসহ যুক্তি উপস্থাপন করে ‘আবহাওয়া ডটকম’ ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাধর্মী একটি পোস্টের কথাও জানিয়েছেন তিনি।