সুপার কাপের স্কোয়াডে নেই, পিএসজি ছাড়ছেন দোন্নারুমা

গেল মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে ভূমিকা ছিল দলটির ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমার। প্যারিসের ক্লাবটিতে অভিজ্ঞ এই গোলকিপার আছেন ২০২১ থেকে। তবে আসছে ইউরোপিয়ান সুপার কাপের স্কোয়াডে রাখা হয়নি দোন্নারুমাকে। বুধবার রাতে উয়েফা সুপার কাপে টটেনহ্যামের মুখোমুখি হবে পিএসজি।

তার স্কোয়াডে না থাকার কারণে গুঞ্জন উঠেছে এই মৌসুমেই বা আগামী দল-বদলে পিএসজি ছাড়বেন দোন্নারুমা। ম্যানচেস্টার ইউনাইটেড দোন্নারুমার প্রতি আগ্রহ দেখাচ্ছে, পাশাপাশি চেলসি ও ইন্তার মিলানও নাকি ইউরো জয়ী এই গোলকিপারের এজেন্ট এনজো রাইওলার সঙ্গে যোগাযোগ করেছে।

লিলে থেকে আসা নতুন সাইনিং লুকাস শেভালিয়েরই এখন পিএসজির নাম্বার ওয়ান। ২৬ বছর বয়সী দোন্নারুমার চুক্তি শেষ হবে আগামী গ্রীষ্মে, কিন্তু চুক্তি নবায়নে কোনো অগ্রগতি হয়নি। কোচ এনরিকের পরিকল্পনায় নেই তিনি।

সংবাদমাধ্যমে খবর পিএসজি-দোন্নারুমা সম্পর্কে ফাটলের শুরু বেতন বাড়ানো নিয়ে। শীর্ষ আয়ের খেলোয়াড়দের একজন হওয়া সত্ত্বেও তিনি বেতন বাড়াতে চেয়েছিলেন, যা ক্লাবের নতুন বেতন কাঠামোর সঙ্গে যায়নি।

ফলে পিএসজিও দোন্নারুমাকে বিক্রি করতে প্রস্তুত।