ভারতকে পশ্চিমা নদীগুলোর পানি পাকিস্তানের ‘অবাধ ব্যবহারের’ জন্য প্রবাহিত রাখতে হবে বলে রায় দিয়েছে স্থায়ী সালিশ আদালত (পিসিএ)।
সোমবার (১১ আগস্ট) এ রায় স্থায়ী সালিশ আদালতের ওয়েবসাইটে প্রকাশের পর পাকিস্তান তা স্বাগত জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) সংক্রান্ত আদালতের রায় আমরা স্বাগত জানাই। রায়ে বলা হয়েছে, ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলো চুক্তির শর্ত মেনে চলবে এবং ভারতের নিজস্ব পদ্ধতি প্রয়োগ করা যাবে না।
গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সাথে সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছিল। পাকিস্তান তখন সতর্ক করে বলেছিল, পানির প্রবাহ বন্ধ করাকে তারা ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে দেখবে।
পিসিএ জানিয়েছে, তাদের সালিশ প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল আইডব্লিউটির ব্যাখ্যা ও প্রয়োগ এবং ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলোর নকশা ও পরিচালনা পর্যালোচনা। পাকিস্তান আশা প্রকাশ করেছে, ভারত শীঘ্রই চুক্তির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করবে। পাকিস্তানের দাবি, ভারতের বাঁধ নির্মাণ সিন্ধু নদীর প্রবাহ কমিয়ে দেবে, যা তাদের ৮০% সেচের জন্য অপরিহার্য।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বলেছেন, ভারত যদি বাঁধ বানায়, আমরা তা ধ্বংস করব। সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়। এর জবাবে ভারত জানিয়েছে, তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ব্যবস্থা নেবে। ভারত পাকিস্তানের বক্তব্যকে ‘পারমাণবিক হুমকি’ আখ্যা দিলে পাকিস্তান তা প্রত্যাখ্যান করে বলেছে, তারা একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র।