ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ নগরীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগেরও সাবেক সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের স্কাইমুন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় নতুন কোনো মামলা নেই। তবে পুরোনো মামলাগুলোতে সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেখানে তার নাম যুক্ত করা হবে।