ভোটার তালিকা থেকেই বাদ নিষিদ্ধ ছাত্রলীগের সিজার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার। 

বুধবার (১২ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন তিনি এ পদে মনোনয়নপত্র জমা দেন।

২০১৯ সালে নিষিদ্ধ ছাত্রলীগের প্যানেল থেকে সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল) সংসদে জয়ী হওয়া জুলিয়াস এবার ডাকসু নির্বাচনে অংশ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এমনকি ক্যাম্পাসে একদল শিক্ষার্থী তার বিরুদ্ধে বিক্ষোভও করে। এ পরিস্থিতিতে তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত আবেদন করেছে এসএম হলের রিটার্নিং অফিসার ও আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদ।

ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হল প্রভোস্টের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছি। তাকে (জুলিয়াস) ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

আবেদনে বলা হয়, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে আগের সরকারের আমলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ রয়েছে। তাই তাকে ডাকসু ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ করা হয়েছে।

জুলিয়াস সিজার তালুকদার বলেন, ২০১৯ সালের পর আমি ছাত্রলীগের সঙ্গে যুক্ত নই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ নামে একটি সংগঠন গড়ে সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করছি। তবে ২০১৭ সালে আমি এসএম হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম।