খুলনায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ২ কেজি আইসনামক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এই আইসগুলো উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া থানার পুলিশ স্থানীয় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৩১৬৩) তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতরে বাঙ্কারে একটি কাগজের বিস্কুটের কার্টনের মধ্যে ২ কেজি আইসনামক মাদক পাওয়া যায়। এরমধ্যে রয়েছে দুটি বড় প্যাকেট ও পাঁচটি ছোট প্যাকেট।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, উদ্ধারকৃত আইসের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইসনামক এই মাদক ভারত থেকে চোরাই পথে আমদানি করা হয়েছে। এটি সাগুদানার মতো দেখতে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।