জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় যুবশক্তির যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন চাই কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে দেশকে স্থিতিশীল না রাখা গেলে আরেকটি ১/১১ আসবে। রাজনৈতিক শক্তি এক না থাকলে লাভ হবে ডিজিএফআইয়ের।
এনসিপির আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের এক বছরে কী পেলাম, দেশ কতটুকু পরিবর্তন হলো? নতুন বন্দোবস্ত আমরা পাইনি। অভ্যুত্থান সমাপ্ত হয়নি। লড়াইও শেষ হয়নি। তরুণরা বারবার জীবন দেবে কিন্তু ভাগ্য পরিবর্তন হবে না তা আর এই বাংলাদেশে হবে না।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় বলত তরুণরা মাঠে নামে না কেন। সেই তরুণরা মাঠে নেমেছে, প্রাণ দিয়েছে। সেই তরুণদের স্বপ্ন ভঙ্গ করে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেই যদি ক্ষমতা হস্তান্তর করতে চায় তাহলে এই তরুণ প্রজন্ম তা কখনোই হতে দেবে না।