বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘তারেক রহমান যদি বাংলাদেশের নেতৃত্বে না থাকে তবে আপনারা রাজনীতি তো দূরের কথা, এ দেশেও থাকতে পারবেন না।’ তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আয়োজন করা হয় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪, শহীদ স্মরণে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে।
তাইফুল ইসলাম টিপু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচন হলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবে। তিনি একজন সৎ নেতা এবং সৎ পরিবারের সন্তান। তারেক রহমান ও নির্বাচন নিয়ে দেশ-বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে, তবে এসব করে কোনো লাভ হবে না। বিএনপি ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করবে।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান ৩১ দফার মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তিনি যদি প্রধানমন্ত্রী হন এবং দল আমাকে সুযোগ দেয়, তবে এক বছরের মধ্যে লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের চিত্র বদলে দেব।’
অন্তবর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারের অনেক জায়গায় নির্বাচনী প্রক্রিয়া বানচালের জন্য ফ্যাসিবাদের দোসররা বসে আছে। যেকোনো সময় ষড়যন্ত্র হতে পারে। তাই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি, দ্রুত তা নিশ্চিত করতে হবে।’