দলের দুঃসময়ের নেতাকর্মীদের প্রতি সম্মান জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, প্রকৃত নেতারা কখনো দলের দুঃসময়ে পালায় না। গতকাল মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মোস্তফা জামান।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘অনেক ত্যাগী নেতাকর্মী যারা ৫ আগস্টের পর বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে দলে ফিরিয়ে আনতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। অনেকেই এখন বিএনপি হওয়ার চেষ্টা করছে। যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে গত ১৭ বছরে সুবিধা নিয়েছে ঠিক তারা এখন আপনার আমার সঙ্গে ছবি তুলে সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে।’
মোস্তফা জামান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘কিছু বিএনপি নেতা সুবিধাবাদী লোকজনদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। আমি এবং আমার আহ্বায়ক আমিনুল হক সাহেব কখনোই এ ধরনের সুবিধাবাদী নেতাদেরকে দলে ভিড়িয়ে দলকে ক্ষতিগ্রস্ত করতে দেব না।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর মন খুলে দোয়া করতে পারিনি। স্বৈরাচার আওয়ামী লীগ মামলা-হামলা করে যে পরিমাণ নির্যাতন-নিপীড়ন করেছে মন খুলে দোয়া করার সুযোগ পেতাম না। আজ আমরা মুক্ত।’
অনুষ্ঠান শেষে আয়োজকরা অসহায় হতদরিদ্র ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন।