১০ নম্বর জার্সির জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বড় জয়

রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সির মালিক কে- সেটা ইতোমধ্যেই সবার জানা হয়ে গেছে। নতুন খবর হলো, ১০ নম্বর জার্সিতে প্রথমবার গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দুটি গোলই ছিল দর্শনীয়। পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন। তার এই দুর্দান্ত পারফর্মেন্সে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে উড়িয়ে দিল জাবি আলোনসোর দল।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রায় ৭৯% বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নেয় রিয়াল, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে স্বাগতিক দল মাত্র ১টি শট নিতে পেরেছে। ১০ম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রসে হেডে রিয়ালকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও, যিনি চোট কাটিয়ে প্রায় ৯ মাস পর শুরুর একাদশে সুযোগ পেলেন। তিন মিনিট পর আর্দা গিলেরের থ্রু বল ধরে শরীরটা ঘুরিয়ে বাঁ পায়ের চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে।

প্রথমার্ধের শেষ দিকে এক দর্শক মাঠে ঢুকে এমবাপ্পের সঙ্গে সেলফিও তুলে ফেলেন! বিরতির পর ৫৯ মিনিটে অহেলিয়া চুয়ামেনির পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। ৮১ মিনিটে তার পাস থেকেই গোলপোস্টের কাছ থেকে চতুর্থ গোলটি করেন রদ্রিগো। ম্যাচের শেষ দিকে তুলে নেওয়া হয় এমবাপ্পেকে। আগামী মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে লা লিগা অভিযানে নামবে রিয়াল মাদ্রিদ।