ভারতের দুই ব্যাটিং দানব রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক পর্যায়ে এখন শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন। তবে এই ফরম্যাট থেকেও তারা শীঘ্রই অবসর নিতে পারেন বলে গুঞ্জন আছে। এ বিষয়ে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন, ভারতীয় এই দুই তারকা ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তার মতে, বর্তমানে ওয়ানডে ম্যাচের সংখ্যা খুবই কম হওয়ায় তাদের এই ফরম্যাট থেকেই অবসর নেওয়া উচিত ছিল।
ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে টেস্ট সিরিজ ড্রয়ের কয়েকদিন পরেই খবর আসে যে, রোহিত ও কোহলি ওয়ানডে ছাড়তে পারেন। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় তাদের রাখা হয়নি। তাদেরকে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে খেলে নিজেদের ফিটনেস ও ফর্ম প্রমাণ করতে হবে। এর আগে গত মে মাসে ইংল্যান্ড সফরের আগে দুজনেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘সত্যি বলতে তারা ভুল ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু তারা যদি টেস্ট খেলা চালিয়ে যেতেন এবং ওয়ানডে থেকে অবসর নিতেন, তাহলে গল্পটা ভিন্ন হতে পারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গত ১২ মাসে ভারত মাত্র ৬টি ওয়ানডে খেলেছে। এক বছরে হয়তো ছয়টি টেস্ট খেললেও প্রায় ৩০ দিনের খেলা হয়। কিন্তু ৬টি ওয়ানডে হলে সেটা মাত্র ছয় দিনের খেলা।’
চোপড়ার মতে, বর্তমান সময়ে ওয়ানডে সিরিজগুলোর মধ্যে ব্যবধান অত্যন্ত বেশি এবং বছরে এই কয়েটি ওয়ানডে খেলে ফর্ম আর ফিটনেস ধরে রাখা কঠিন, ‘তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ শেষ হয়ে যায় সাত-আট দিনে। পরের সিরিজের জন্য অপেক্ষা করতে হয় আরও তিন মাস। মাঝের বিরতি অত্যন্ত দীর্ঘ, এসময় আপনি খেলছেন না, অনুশীলনও করছেন না। এমনকী ফার্স্ট ক্লাস ক্রিকেটও খেলছেন না। যদি টেস্ট খেলা চালিয়ে যেতেন এবং ওয়ানডে ছাড়তেন, তাহলে ছন্দে থাকা অনেক সহজ হতো।’
কোহলি আর রোহিত ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা ওয়ানডে ব্যাটারদের মধ্যে দুইজন। কোহলি ৩০২ ম্যাচের ২৯০ ইনিংসে ৫৭.৮৮ গড়ে ১৪ হাজার ১৮১ রান করেছেন। এই ফরম্যাটে তার সেঞ্চুরি ৫১টি ও ফিফটি ৭৪টি। সর্বোচ্চ রান ১৮৩। অন্যদিকে রোহিত ২৭২ ম্যাচের ২৬৫ ইনিংসে করেছেন ১১ হাজার ১৬৮ রান। তারা ব্যাটিং গড় ৪৮.৭৬, সেঞ্চুরি ৩২টি ও ফিফটি ৫৯টি। সর্বোচ্চ রান ২৬৪। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ অক্টোবর থেকে।