ঝালকাঠির রাজাপুরে একই সময় ও স্থানে বিএনপি ও যুবদলের পৃথক সমাবেশের ঘোষণার পর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ এ নির্দেশনা দেন।
আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির একাংশ জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা মার্কেট চত্বরে র্যালি ও সমাবেশের আয়োজন করে। একই সময়ে উপজেলা যুবদল ‘জুলাই/২৪ বিপ্লব’ কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ডাকে। উভয় পক্ষই ইউএনও ও থানাকে চিঠি দিলেও কোনো পক্ষই অনুমতি পায়নি।
উপজেলা বিএনপির চিঠি অনুযায়ী, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আবদুস সালাম উপস্থিত থাকবেন। অন্যদিকে, যুবদলের সমাবেশে ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।
একই স্থান ও সময়ে দুটি সমাবেশের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তপ্ত বিতর্ক শুরু হয়। গতকাল দুপুর থেকে উভয় পক্ষের নেতা-কর্মীরা মিছিল ও মোটরসাইকেল মহড়া করে।
এদিকে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন অভিযোগ করেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মোল্লা একই সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক-এটা কীভাবে সম্ভব? জবাবে যুবদল নেতা জাকির হোসেন বলেন, আমরা আগে থেকেই কর্মসূচি পরিকল্পনা করেছি। বিএনপির কর্মসূচি সম্পর্কে আমরা জানি না।
উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ বলেন, দুই পক্ষ আলোচনা করলে ভালো হতো।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রস্তুত।
ইউএনও রাহুল চন্দ বলেন, কেউ অনুমতি নেয়নি, শুধু জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।