ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খুঁইয়েছে পাকিস্তান। ৩৪ বছর পর পাকিস্তানকে এই ফরম্যাটে সিরিজ হারিয়েছে ক্যারিবিয়ানরা। ম্যাচটিতে পাকিস্তানের অধিনায়ক তথা উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার হাস্যকরভাবে আউট হওয়া নিয়ে।
মঙ্গলবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে রান তাড়ায় রিজওয়ানের আউট দিয়ে ৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। জেইডেন সিলসের করা তৃতীয় ওভারে পঞ্চম বলটি ছিল ইনসুইং। রিজওয়ান হয়তো ভেবেছিলেন, অফস্টাম্পের বাইরে পিচ করা বলটি বেরিয়ে যাবে। তাই তিনি বলটি ছেড়ে দেওয়ার জন্য ব্যাট তুলে নেন। এতেই ঘটে বিপত্তি।
সিলসের বলটি দারুণ টার্ন করে অফস্টাম্পের একদম ওপরে আঘাত করে। মুখোমুখি হওয়া প্রথম বলে এভাবে আউট হয়ে বোকা বনে যান রিজওয়ান। ক্রিকেট বিশ্লেষকেরা অনেকেই এটাকে বছরের সবচেয়ে হাস্যকর আউট হিসেবে অভিহিত করছেন। সোশ্যাল মিডিয়ায় রিজওয়ানকে নিয়ে চলছে হাসি-ঠাট্টা।
বেশ কিছুদিন ধরেই পাকিস্তান তাদের সেরা অবস্থায় নেই। টি-টোয়েন্টি সিরিজে কোনোমতে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারালেও ওয়ানডেতে আর পারেনি। মঙ্গলবার শেষ ম্যাচে তো মাত্র ৯২ রানে অল-আউট হয়ে ২০২ রানের বিশাল পরাজয় বরণ করেছে। তার ওপর অধিনায়কের এমন আউট জন্ম দিয়েছে হাস্যরসের।