বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে দুই শিশু ও তিন নারীসহ নয়জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোরে উপজেলার ৮৩৮ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে বুড়িমারী বিওপির বিজিবি টহল দল বুড়িমারী ইউনিয়নের মাছিরবাড়ি এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন (৫০), তার স্ত্রী পারভিন বেগম (৪০), ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রাব্বির স্ত্রী মোছা. বর্ষা (২২) ও তাদের তিন বছরের মেয়ে মোছা. জয়া, মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬) এবং মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০)।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে পরিবারটি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সম্প্রতি দেশটির গুজরাট রাজ্যে তাদের আটক করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে বিএসএফ-এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, ‘আটক ব্যক্তিরা বর্তমানে বুড়িমারী ইউনিয়ন পরিষদের সেফ হোমে পুলিশ হেফাজতে আছেন। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’