সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জনকে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার (১৩ আগস্ট) ভোরে রূপসা উপজেলার আইচগাতী বালুরমাঠ নামকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেখ হাফিজ (৩২), হাফিজের সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মো. মাসুম শেখ (২২) ও মো. দীপু শেখ (২৪)। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ছুরি ও মাদক উদ্ধার করা হয়। এদের মধ্যে হাফিজ গত ২৬ জুন রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সাব্বির হত্যা মামলার প্রধান আসামি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের যৌথবাহিনী রূপসায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাব্বির, একাধিক মামলার আসামি শেখ হাফিজসহ অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চাপাতি, ছুরি ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসি জানান, হাফিজ বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।