নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ১৭ টন অবৈধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় র‌্যাব-১১, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় তিন প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে ফতুল্লার ভুইগড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সোহাগ পলিথিন কারখানাকে ১ লাখ টাকা জরিমানা, ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা এবং ৭২৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। আল মদিনা নামে আরেক কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ১৫ টন অবৈধ পলিথিন জব্দ করা হয়। আব্বাসিয়া পলিমার নামে আরেক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করেছি। পাশাপাশি জনগণকে সচেতন করার কার্যক্রমও চলছে।