জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে নির্মাতা রায়হান রাফী নির্মাণ করছেন প্রথম হরর সিনেমা ‘আন্ধার’। চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে সিয়াম চূড়ান্ত হলেও বাদ ছিল নায়িকা নির্বাচনের বিষয়টি। তবে একাধিক সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নাজিফা তুষিকে। এর মাধ্যমে বড় পর্দায় প্রথমবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন সিয়াম-তুষি! আর আলোচিত ‘হাওয়া’ সিনেমার পর বড় পর্দায় আবারও দেখা যাবে তুষিকে।
সূত্র মতে জানায়, ইতিমধ্যেই তুষিকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ সিনেমা দুটির মাধ্যমে বড় পর্দায় নজর কেড়েছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’ এই কন্টেন্টগুলোতে অভিনয় করেছেন তুষি।
তবে ‘আন্ধার’ ছবির বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ নাজিফা তুষি। তার কথায়, ‘আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না, তাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আমি আপাতত কিছু বলতে পারব না, যা বলার জানার টিম এবং ডিরেক্টর থেকে জানতে হবে, কিংবা তারা বলবেন।’
বর্তমানে ‘আন্ধার’ সিনেমাটির প্রি-প্রোডাকশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রত্যেকে। গল্প তৈরি করেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী, আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মানে দৃশ্য ধারণের কাজ শুরু হবে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।