রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এসআই ও ছয় কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে রংপুরের পুলিশ সুপারের নির্দেশে বরখাস্ত হওয়া এই আট পুলিশ সদস্যকে তারাগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
গতকাল রাত ৮টার দিকে রংপুরের পুলিশ সুপার আবু সাইম এই দুই এসআই ও ছয় কনস্টেবলের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, এসআই সফিকুল ইসলাম, কনস্টেবল ফারুক আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন এবং বাবুল চন্দ্র রায়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বে অবহেলার কারণে এই আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সময় তারা তারাগঞ্জ থানার মোবাইল টিমের দায়িত্বে ছিলেন।
এ ছাড়া, এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় চোর সন্দেহে রুপলাল দাস ও প্রদীপ দাস নামে দুজনকে আটক করে পিটিয়ে হত্যা করে উচ্ছৃঙ্খল জনতা।