অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রশ্নে রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ তারিখ নির্ধারণ করে। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত বছরের ২৭ অক্টোবর ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় নিয়ে রুল দেয় হাইকোর্ট।
ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত চেয়ে গত বছরের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট আবেদনটি করেন।