জিএম কাদেরের নামে করা মামলা প্রত্যাহার কার্যক্রমে বাধা নেই

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রম চালাতে বাধা নেই। মামলার বাদী মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের আদেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলাজজের অতিরিক্ত বিচারক রোবায়েত ফেরদৌস মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।

গতকাল বুধবার জি এম কাদেরের আইনজীবী মো. মনোয়ার  হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩০ জুলাই জাতীয় পার্টির সদ্য অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলটির সাবেক শীর্ষ দশ নেতার করা মামলায় সাংগঠনিক কার্যক্রমে  চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হলে ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক  মো. নুরুল ইসলাম তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থী জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে দলটির  প্রেসিডিয়াম সদস্যসহ সাতজনকে, পরে আরও তিনজনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট  থেকেও তাদের নাম মুছে ফেলা হয়। গত ১০ জুলাই মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জন বাদী হয়ে এ মামলাটি করেন।