অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের ব্যাপক অভিযান

তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে। নিয়মিত এই অভিযান কর্মসূচির অংশ হিসেবে গত ১২ আগস্ট (মঙ্গলবার) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাছিবুর রহমানের নেতৃত্বে ঢাকা অঞ্চলের ঢাকেশ্বরী রোড, সোনাচড়া, ওয়ার্ড নং ২৬, ধামগড়, জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন, বারপাড়া বন্দর ও নারায়ণগঞ্জ এলাকার ২টি স্থানে তিতাসের বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩০টি অবৈধ আবাসিক ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, ২৬০ ফুট পাইপলাইন, ৪টি স্টার বার্নার, ১টি মোডিফাইড বার্নার, ২টি ডাবল বার্নার এবং ২টি রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়। একই দিনে, মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।

একই দিনে জয়দেবপুর এলাকার দক্ষিণ কলমেশ্বর, বোর্ড বাজার ও ছাপড়া মসজিদ, উত্তর বিলাশপুর, গাজীপুর এলাকায় বিশেষ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। বকেয়ার কারণে ৪টি রাইজারের ১৩টি দ্বিমুখী চুলা এবং অতিরিক্ত চুলার কারণে ৫টি রাইজারের ১২টি দ্বিমুখী ও ২টি একমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৪টি অবৈধ বা বিলবিহীন রাইজারের ২৯টি দ্বিমুখী চুলার সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে, জনাব সৈকত রায়হান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের নেতৃত্বে গরুরহাট, আশুলিয়া কলেজ রোড, আশুলিয়া বাজার, বড় আশুলিয়া, সাভার এলাকায় ৫টি স্পটে অভিযান পরিচালিত হয়। অভিযানে ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ, এইচপি ডেনিম টেকনোলজি ও গ্রীণ লন্ড্রি নামে ৩টি অবৈধ বাণিজ্যিক সংযোগ এবং ৯টি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় আনুমানিক ০.২ কিলোমিটার বিতরণ লাইন উচ্ছেদসহ ১০০ মিটার লাইন পাইপ অপসারণ করা হয়। এছাড়া একটি বাণিজ্যিক এবং একটি মিটারবিহীন আবাসিক গ্রাহকের ২টি পৃথক মামলায় মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সিমন সরকার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২-এর আওতাধীন কেরানীগঞ্জের নয়াবাজার, আটি এলাকায় ২টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি নামবিহীন অবৈধ তারের কারখানা এবং একটি নামবিহীন অবৈধ খানাঢুলি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বুস্টার-৩টি, পাইপ বার্নার-২টি, আবাসিক রেগুলেটর-১টি এবং আনুমানিক ২৬০ ফুট জি আই পাইপ অপসারণ/জব্দ করা হয়। এতে মাসিক ৬,০৮,১৪০/- টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।

উল্লেখযোগ্য, সেপ্টেম্বর ২০২৪ থেকে ১২ আগস্ট ২০২৫ পর্যন্ত পরিচালিত এই অভিযানসমূহে ২৯৬টি শিল্প, ৩৩১টি বাণিজ্যিক এবং ৬৩,৯৮৯টি আবাসিক সহ মোট ৬৪,৬১৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ১,২৩,০৯২টি বার্নার অপসারণ এবং ২৪৬.৫ কিলোমিটার পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে।