মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজার মৃত্যু

রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা (৪৫) মারা গেছেন।।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, বিস্ফোরণে মাহফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন তিনি।

তিনি জানান, এখন পর্যন্ত এই ঘটনায় আরও ২৩ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১ জন আইসিইউতে রয়েছেন। বার্ন ইনস্টিটিউটে এ নিয়ে মোট ১৯ জনের মৃত্যু হলো। হাসপাতালটি থেকে ছাড়পত্র পেয়েছেন এখন পর্যন্ত ১৪ জন।