নীলা মার্কেটে হাঁসের মাংস না পেলে ওয়েস্টিনে যান আসিফ মাহমুদ

বেশিরভাগ সময় ৩০০ ফিটের নীলা মার্কেটে খেতে যান স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়। তবে ভোর হয়ে গেলে অনেক সময় দোকান বন্ধ থাকে। তখন গুলশানের হোটেল ওয়েস্টিনে যান তিনি।

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম আসে। গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপুর বক্তব্য দেওয়া সেই ভিডিও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে সাংবাদিকরা মন্তব্য জানতে চাইলে তিনি বললেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই এ নিয়ে বেশি মন্তব্য করা উচিত না। আসলে আমার নামটা আসার পর আমি অবাক-ই হই। জানে আলম অপুকে চিনতাম, যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম, ২০২২ সালে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন, সে-ও ছাত্র অধিকার পরিষদ করতো। সে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ছিল বোধয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সাথে আমার কখনও দেখা হয়নি।

এ বিষয়ে বলতে বলতে তিনি ভোরের দিকে বাইরে খেতে যাওয়ার প্রসঙ্গও আনেন।

আসিফ মাহমুদের ভাষ্য, রাতে মাঝে মধ্যে কাজ শেষ করতে কখনও কখনও ভোর হয়ে যায়, ওই সময় খাবার দেয়ার জন্য বাসায় কেউ থাকে না। বেশিরভাগ সময় তখন তিনি ৩০০ ফিটের নীলা মার্কেটে যান। ওখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়। ৪-৫ জন মিলে সেখানে যান। আবার ভোর হয়ে গেলে সেখানে দোকান বন্ধ থাকে। তখন গুলশানের হোটেল ওয়েস্টিনে যাওয়া হয়।