বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর প্রথম গুম, শারীরিক নির্যাতন, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় ও মানবাধিকার হরণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে ঝাড়ু মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচেতন নাগরিক সমাজের ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে এ মিছিল হয়।
উল্লেখ্য, গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও প্রকাশ্যে আসে গতকাল। ভিডিওটি জোরপূর্বক করা হয়েছে বলে অভিযোগ তার স্ত্রী কাজী আনিশার।
বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে আনিসা বলেন, জানে আলম অপু অসহায় একটা ছেলে। ওর বাবা-মা কেউ নেই, ওকে ব্যাকআপ দেওয়ারও কেউ নেই। ওর বুকে শুধু সাহস ছিল, দেশের জন্য কিছু করবে এই স্পৃহা ছিল। গ্রেপ্তার হওয়ার আগে গোটা একটা রাত অপু অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। বেআইনিভাবে সারারাত তাকে রেখে মানসিক অত্যাচার করা হয়েছে। ভিডিও ক্লিপ বানিয়ে, কেটে কেটে জোড় লাগিয়ে এখন ছাড়া হচ্ছে।
আনিসা প্রশ্ন রাখেন, এতদিন কেন এগুলো সামনে আসেনি? এখন কেন এই ভিডিও প্রকাশ করা হচ্ছে? এগুলোর উদ্দেশ্য কী? তিনি অভিযোগ করে বলেন, অপুকে তুলে নিয়ে যায় একজন রাজনৈতিক নেতা। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়, কোথায় রাখা হয়, তার সঙ্গে কী করেছে সব প্রমাণই আমার কাছে আছে।