নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের ব্যবসা বিষয়ক দৈনিক ডাগেন্স নায়রিংসলিভের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘হঠাৎ করেই, যখন অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অসলো শহরে হাঁটছিলেন— তখন ট্রাম্প ফোন করেন। তিনি চেয়েছিলেন নোবেল পুরস্কার এবং আলোচনা করতে চেয়েছিলেন বাণিজ্য শুল্ক নিয়ে।’
উল্লেখ্য, ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়ার মতো কয়েকটি দেশ ট্রাম্পকে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির মধ্যস্থতার জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন, তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য।
তবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নির্ধারণ করে নরওয়েজিয়ান নোবেল কমিটি, যার পাঁচ সদস্য নিযুক্ত হন নরওয়ের সংসদ থেকে, আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী। প্রতিবছর অক্টোবর মাসে অসলোতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
স্টলটেনবার্গের সঙ্গে নোবেল পুরস্কার নিয়ে এটি ট্রাম্পের প্রথম আলোচনা নয়।
ট্রাম্পের ফোনালাপের সময় সেখানে ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউজের একাধিক কর্মকর্তা। এই ফোনালাপটি মূলত হয়েছে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোর-এর সঙ্গে শুল্ক বিষয়ে আলোচনার বিষয়বস্তু নিয়ে।
যদিও নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্প কিছু বলেছিলেন কিনা—সেই প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বলেন, ‘আমি এই আলাপের বিস্তারিত প্রকাশ করতে চাই না।’
এর আগে ৩১ জুলাই হোয়াইট হাউস থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র নরওয়ের আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের ওপর আরোপিত শুল্কের সমান। এ প্রসঙ্গে স্টলটেনবার্গ জানান, নরওয়ে ও যুক্তরাষ্ট্র এখনো এই শুল্ক সংক্রান্ত বিষয়ে আলোচনায় রয়েছে।