আড়াইহাজারে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর অনন্ত শীল (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৩টার দিকে মেঘনা নদী উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত অনন্ত শীল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদা এলাকার জাদু চন্দ্র শীলের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অনন্ত শীল পরিবারের সঙ্গে দুপ্তারা মণিপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। সে দুপ্তারা বাজারে নাপিতের কাজ করতো। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে নিয়ে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় ঘুরতে যায়। সেখানে বন্ধুদের সাথে মেঘনা নদীর পাড়ে ফুটবল খেলতে শুরু করে। খেলার সময় ফুটবল মেঘনা নদীতে চলে গেলে অনন্ত ফুটবল আনতে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা থেকে আসা ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে বিকাল ৩টার দিকে অনন্তের লাশ উদ্ধার করে।