জুলাই-আগস্ট হত্যাকাণ্ড

সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিনকে নিরাপত্তা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ছয় জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিতে আসা সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন নিরাপত্তা হুমকিতে পড়ায় তাকে সুরক্ষার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিরাপত্তা হুমকিতে পড়া ওই সাক্ষীর বিষয়ে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

গত মঙ্গলবার চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আঞ্জুয়ারা ইয়াসমিন। গত বছরের ৫ আগস্ট নিজের বাসার ছাদ থেকে দেখা চানখাঁরপুলের পরিস্থিতি সেদিন ট্রাইব্যুনালকে জানান তিনি। এরপর প্রসিকিউশন সহযোগী অধ্যাপকের নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, ওই সাক্ষীর বিরুদ্ধে অপ্রীতিকর-অসম্মানজনক ও নিরাপত্তা হুমকিস্বরূপ কার্যক্রম করেছেন তার প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি। ব্যানার টাঙানোসহ তার বিরুদ্ধে মিছিলও করা হয়েছে। তাই ওই সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট থানার ওসি ও কর্মরত প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে ওই প্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন ট্রাইব্যুনাল। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান গাজী এম এইচ তামিম ।