থাইল্যান্ডে অষ্টম হিরোস কাপ আন্তর্জাতিক তায়কোয়ান্দোতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ তিনটি পদকই অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।
গত ৯-১০ আগস্ট থাইল্যান্ডের পাতায়া শহরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ তায়কোয়ান্দো ট্রেনিং একাডেমি, উত্তরার তিন প্রতিযোগী এতে অংশ নেন। তাদের তত্ত্বাবধানে ছিলেন একাডেমির কোচ আমেনা বেগম প্রিয়া।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ পুমসে ক্যাটাগরিতে স্বর্ণ পদক অর্জন করেছেন ঢাকার উত্তরার শুভ্রনীলা ঘোষ। অনূর্ধ্ব-৩০ পুমসে ক্যাটাগরিতে রৌপ্য জিতেছেন নুহরাতুন নাঈমা ইসলাম। আর অনূর্ধ্ব-১৭ পুমসে ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন রাজদীপা ঘোষ।
এক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ তিনটি পদক অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। বিজয়ীরা বলেন, বিজয় শুধু আমাদের নয় পুরো বাংলাদেশের।
ঢাকাস্থ উওরা এলাকায় প্রতিষ্ঠিত বাংলাদেশ তায়কোয়ানডো ট্রেনিং একাডেমির স্বত্বাধিকারী আমেনা বেগম প্রিয়া বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আগামীতেও যেনো দেশের বাইরে থেকে এমন অর্জন বাংলাদেশের জন্য আরো তুলে আনতে পারি।