২৪৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি গার্ডিয়ান লাইফের

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ২৪৮ কোটি ৮১ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্যে মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা হয়েছে ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা, স্বাস্থ্য দাবিতে ৯৫ কোটি ৯৩ লাখ টাকা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ১৪ কোটি ৪৯ লাখ টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দ্রুততম সময়ে দাবি নিষ্পত্তির প্রতিশ্রুতি রক্ষা করে বর্তমানে প্রতিষ্ঠানটি ৯৫ শতাংশ দাবি মাত্র তিন কর্মদিবসে নিষ্পত্তি করছে। দাবি নিষ্পত্তিতে এই ধারাবাহিকতা দেশের ইন্স্যুরেন্স খাতে গার্ডিয়ানের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

বর্তমানে দেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সুরক্ষা উপভোগ করছেন। এর মধ্যে রয়েছে পাঁচ শতাধিক দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী। গ্রাহকদের মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস, বহুজাতিক প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়ী গোষ্ঠী, বায়িং হাউজ এবং তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানসহ আরও অন্যান্য।

দেশ জুড়ে পাঁচ শতাধিক হাসপাতালের সঙ্গে গার্ডিয়ানের অংশীদারত্ব রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত চিকিৎসা ও দাবি নিষ্পত্তির সুবিধা পান। এ ছাড়া ১৬৬২২ নম্বরে প্রতিষ্ঠানটির ২৪ ঘণ্টা গ্রাহকসেবা চালু আছে, যাতে পলিসিধারীরা যেকোনো সময় প্রয়োজন অনুযায়ী সহায়তা লাভ করেন।

এ বিষয়ে গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, ‘দ্রুত ও নির্ভরযোগ্য দাবি নিষ্পত্তি আমাদের গ্রাহকদের প্রতি অঙ্গীকারেরই প্রমাণ। এটি তাদের আস্থা বাড়াবে এবং গার্ডিয়ানের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করবে।’