সজীব ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি আরও বলেন, দুদকের অনুসন্ধানে সজীব ওয়াজেদের নামে ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকার স্থাবর সম্পদ ও ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকার অস্থাবরসহ ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তার গ্রহণযোগ্য আয়ের ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। অবশিষ্ট ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকার আয়ের গ্রহণযোগ্য কোনো উৎস পাওয়া যায়নি। তিনি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে এসব সম্পদ অর্জন করেন। এ ছাড়া হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনা ও বিনিয়োগে ব্যয় করেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা।