ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে আনুষ্ঠানিকভাবে পৃথক হলো অধিভুক্ত ৭ কলেজ। প্রশাসনিক, অ্যাকাডেমিক ও আর্থিক দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষার ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্র্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে এসব দায়িত্ব ও তথ্য হস্তান্তর করা হয়।
এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি ৭ কলেজের পৃথকীকরণ প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হলো। কলেজগুলো এখন থেকে স্বাধীনভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত হবে।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সরকারি সাত কলেজের অধ্যক্ষদের জরুরি বৈঠক হয়। সেদিনই সিদ্ধান্ত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা হয়ে যাচ্ছে এই কলেজগুলো। এরপর চলতি মাসেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করে। ভর্তি পরীক্ষায় টেকনিক্যাল সাহায্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রদান করবে বলে জানান অধ্যাপক একেএম ইলিয়াস।