গাজীপুরের শ্রীপুরে নদীর পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। গত বুধবার সকালে কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুন এলাকার ত্রিমোহী ব্রিজ থেকে সূতিয়া নদীর পানিতে লাফিয়ে পড়েন তিনি। নদীতে স্রোত থাকায় দ্রুত ডুবে যায় ওই শিক্ষার্থী। গতকাল দুপুর দুইটার দিকে ঘটনাস্থলের এক কিলোমিটার ভাটি এলাকার তিন নদীর মোহনা থেকে কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ওই কলেজছাত্রীর নাম লামিয়া আক্তার (১৭)। তিনি নান্দিয়াসাঙ্গুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। পাশের পাগলা থানার ক্যাপ্টেন গিয়াস উদ্দীন ডিগ্রি কলেজের মানবিক শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ত্রিমোহী এলাকার সূতিয়া নদীর ওপর সেতু থেকে নদীতে ঝাঁপ দেয় লামিয়া। এরপর আশপাশের লোকজন দেখে দ্রুত নদীতে নেমে ঝাঁপ দেওয়া ছাত্রীকের উদ্ধারে চেষ্টা চালায়। অনেক্ষণ চেষ্টা করেও কোনো হদিস পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থল এসে নদীতে উদ্ধার কার্যক্রম চালায়। তবে বহু চেষ্টা করেও কলেজছাত্রীকে জীবিত বা মৃত উদ্ধার করা যায়নি। বিকেলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত করে। পরে গতকাল ফের উদ্ধারে নামে ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে তিন নদীর মোহনায় মরদেহ পায় ডুবুরি দল।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবারও লামিয়া বেশ ফুরফুরে মেজাজে ছিল। বাড়ির সবার সঙ্গে হাসিমুখে কথা বলেছে। রাতে জন্মদিনও পালন করা হয় লামিয়ার। কিন্তু সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় লামিয়া। আমরাও বিস্মিত হয়েছি তার এমন কাজে। সে যথেষ্ট শান্ত স্বভাবের ছিল।
লামিয়ার বাবা দেলোয়ার হোসেন জানান, বুধবার সকাল থেকে লামিয়া নিখোঁজ ছিল। পরে পাশের নদীর ওপর সেতু থেকে এক মেয়ে নদীতে ঝাঁপ দিয়েছে শুনে ঘটনাস্থল গিয়ে সেতুর ওপর তার জুতা (লামিয়ার) পড়ে থাকতে দেখি। এরপর বাড়ির সবাই নিশ্চিত হই এটা লামিয়া। সেতুতে জুতা দেখেই আমরা জ্ঞানশূন্য হয়ে পড়ি।
টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার (ডুবুরি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে উদ্ধারে নেমে প্রথম দিন মরদেহ খোঁজে পাওয়া যায়নি। গতকাল ফের উদ্ধার অভিযানে নেমে দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে মরদেহ পাওয়া যায়।
শ্রীপুর মডেল থানার ওসি মহাম্মদ আবদুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ বিষয়টি এখন টঙ্গী নৌথানা পুলিশ তদারকি করছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।