ফুটবলভক্তরা নড়েচড়ে বসুন। বিশ্রামের দিন শেষে আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবলের নতৃন মৌসুম। একইদিনে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ফ্রেঞ্চ লিগ আঁ। আগামী সপ্তাহে মাঠে গড়াবে সিরি ‘আ’ এবং বুন্দেসলিগা। প্রিমিয়ার লিগের প্রথম দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। কীভাবে সরাসরি দেখবেন জনপ্রিয় এসব লিগের খেলা?
লা লিগা: উপমহাদেশে এবারও টেলিভিশনে লা লিগার ম্যাচ সরাসরি দেখা যাবে না। তবে ‘বিগিন’ (BEGIN) নামের ওটিটি প্ল্যাটফর্মে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাসহ লা লিগার ম্যাচ দেখা যাবে। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় লা লিগার সম্প্রচার-স্বত্ব পেয়েছে পাকিস্তানি এই ওটিটি সেবা, যা আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।
ইংলিশ প্রিমিয়ার লিগ: ভারতীয় সম্প্রচার সংস্থা জিওস্টারের চ্যানেলগুলোতে দেখা যাবে প্রিমিয়ার লিগের ম্যাচ। একই সময়ে একটিমাত্র ম্যাচ থাকলে তা স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ানে সম্প্রচারিত হবে। একাধিক ম্যাচ থাকলে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে।
বুন্দেসলিগা: জার্মান বুন্দেসলিগার ম্যাচ গত কয়েক বছরের মতো এবারও সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলোতে সম্প্রচারিত হবে। সনি লিভ ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে খেলা।
সিরি ‘আ’: ফিফা ক্লাব বিশ্বকাপের মতো সিরি ‘আ’র সব ম্যাচ দেখা যাবে ডিএজেডএনের ওয়েবসাইট ও ওটিটি প্ল্যাটফর্মে।
ফ্রেঞ্চ লিগ আঁ: ফ্রান্সের শীর্ষ লিগের ম্যাচগুলো বাংলাদেশ বা উপমহাদেশে সম্প্রচার হবে কিনা- তা এখনো নিশ্চিত নয়। তবে কিছু অ্যাপে এই লিগের খেলা দেখা যেতে পারে।